মুমুক্ষুত্ব — মুচ্ ধাতুর ইচ্ছার্থক রূপ, অর্থাৎ মুক্ত হবার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু কী থেকে মুক্তি? নিশ্চয়ই তার মানে কোনও বন্ধন আছে? এখন এই বন্ধন দুই প্রকার! অবশ্যই এক বাহ্যিক। এবং দুই চেতনার। চেতনার বন্ধনের কথা আমরা আগের পর্বে কিছুটা আলোচনা করেছিলাম। বলেছিলাম বিবেকজ্ঞানের দ্বারা পুরুষের আত্মস্বরূপত্ব প্রতিষ্ঠিত হয়। এবং তার ফলে সে কৈবল্য লাভ করে। তার প্রকৃতির সংস্পর্শে এসে নিজেকে প্রকৃতি বলে ভাবা এক প্রকারের বন্ধন। দ্বিতীয় প্রকারের বন্ধন হলো ত্রিবর্গ। ত্রি বর্গ অর্থাৎ ধর্ম- অর্থ ও কাম। বাৎস্যায়ন কামসূত্রের প্রারম্ভেই এই তিনটিকে একত্রে বলেছেন ত্রিবর্গসাধনম্ — সাংসারিক জীবনের ত্রিবিধ পুরুষার্থ সাধনের উপায়। লক্ষণীয়, এই তিনটি জিনিস কিন্তু শাস্ত্রে নিন্দিত নয়। মনুসংহিতা থেকে শুরু করে সাধারণ ধর্মশাস্ত্রীয় অবস্থান এই যে, ধর্ম, অর্থ ও কামকে সুষম রাখতে হয় — ধর্মই অর্থ ও কামকে নিয়ন্ত্রণ করবে; অর্থ বা কামের অনিয়ন্ত্রিত অনুসরণই তখন অধর্মে পরিণত হয়। অর্থাৎ ত্রিবর্গ-বন্ধন মানে এই নয় যে সাংসারিক জীবন মন্দ। বরং সবচেয়ে ধর্মনিয়ন্ত্রিত, সবচেয়ে সুশৃঙ্খল অর্থ-কাম সাধনাও শেষ পর্যন্ত সংসারেরই সীমার মধ্যে আবর্তিত হয়। এ এক সুশাসিত বন্ধন বটে, কিন্তু বন্ধনই।
আর এই কারণেই ন্যায়দর্শনসহ বৃহত্তর শাস্ত্রীয় ব্যবহারে ত্রিবর্গের বিপরীতে একটি চতুর্থ শব্দ প্রতিষ্ঠিত হয়েছে — অপবর্গ। অপবর্গ অর্থাৎ বর্গ থেকে মুক্তি, এই ত্রিবিধ চক্র থেকেই মুক্তি। শব্দের গঠনই বলে দেয়, ত্রিবর্গকে শাস্ত্র কখনও চূড়ান্ত লক্ষ্য বলে ধরেনি — একে অতিক্রম করবারই বিষয় বলে ধরেছে। মহাভারতের শান্তিপর্বে যখন এই তিনের সঙ্গে মোক্ষকে যুক্ত করে চতুর্বর্গের কথা বলা হয়, তখন মোক্ষ কিন্তু ধর্ম-অর্থ-কামের সমগোত্রীয় চতুর্থ সঙ্গী নয় — বরং সেই বিন্দু, যেখানে গোটা ত্রিবর্গ-ব্যবস্থাটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। কারণ ত্রিবর্গ তো কাজ করে কেবল তার উপরেই, যে নিজেকে ফলভোগী বলে মনে করে।
তাহলে আমরা দুটি বন্ধনের ছবি পেলাম। এক, চেতনার বন্ধন — যেখানে পুরুষ নিজেকে প্রকৃতি বলে ভুল করে, আর যার সমাধান বিবেকজ্ঞান ও কৈবল্য। দুই, বাহ্যিক বন্ধন — যেখানে জীবন আবর্তিত হয় ধর্ম-অর্থ-কামের সুশৃঙ্খল অথচ সসীম বৃত্তে, আর যার সমাধান অপবর্গ বা মোক্ষ, সেই চতুর্থ পুরুষার্থ যা ত্রিবর্গকে অতিক্রম করে।
এই দুই ধরনের বন্ধনকে সামনে রেখেই এবার আমরা ব্যক্তির দুটি পর্যায়ের কথায় আসতে পারি। এক ত্রিবর্গে অনুরক্ত ব্যক্তির পথ ভাবের। এই জগতকে আমরা ভব, সেই ভব থেকেই ভাব। আর এই ত্রিবর্গে বিরক্ত ব্যক্তির পথ ভাবনার। বিরক্ত মানে সাধারণ বাংলায় অবশ্য আমরা ইরিটেশন বুঝি। কিন্তু এখানে সেই অর্থ হচ্ছে না। একটা উদাহরণ দিলে অবস্থাটা পরিষ্কার হবে। তথাগত বুদ্ধের কথা মনে করুন। কিংবা বোধিসত্বের কথা। তাঁরা আসলে বিরক্ত হয়ে সমাজ ছেড়েছেন। কিন্তু মনে করুণা। সেই করুণা ও ক্রিয়ার সংযোগের কথা বলেছিলাম আগের দিন ঠিক এই কারণেই। এই ত্রিবর্গে কর্মবন্ধনে বিরক্ত আমিও একদিন লকডাউনের কালে পৌঁছে গেছিলাম আমার গুরুদেবের ঠিকানায়। আমার এখনও মনে বেলঘরিয়ার তার সেই ফ্ল্যাটে আমার প্রথম যাওয়া। মকর সংক্রান্তির পরের দিন। ছেড়া জিনস পরে, ধুলো মাখা একটা রাইডিং জ্যাকেট, মুখে মাস্ক, কেবল চোখ টুকু দেখা যাচ্ছে আমার গোটা শরীরে। জীবনের টালমাটাল সামলাতে না পারা একজন যুবক, মনে যার অজস্র সংশয়! সংশয় এত যে বেঁচে থাকাটাই যার কাছে ভীষণ চ্যালেঞ্জিং। তিনি আমার গুরু স্বরূপানন্দ ব্রহ্মচারী! জীবন্মুক্তের সাক্ষাৎ উদাহরণ। নির্বিকল্প সমাধি প্রাপ্ত যোগী। তিনি আমাকে দীক্ষা দেন। এই যা বলছি আজ। যেটুকু ঠিক বলছি। এ তাঁরই কৃপা। গুরু শিষ্যের সম্পর্কটা বাবা-মায়ের সম্পর্কের চেয়েও গভীর! বাবা-মা-এর সঙ্গে সম্পর্ক শুধু এই জন্মের। গুরুর সঙ্গে জন্মান্তরের! আমি প্রথম পর্বে আগের দিন তার পরিচয় সজ্ঞানে দিইনি এই ভেবে কারণ ছিল এই অধিকারীতত্ত্ব! যা নিয়ে আজ আলোচনা করলাম। দ্বিতীয়ত তিনি ভীষণ নিভৃতে থাকতে পছন্দ করেন। আর মানুষের আচরণে আমার সত্যিই তেমন ভরসা কম।
বিশ্বাস করুন, ক্রিয়া সম্বন্ধে আমার ধারণা সেদিন ইউটিউবের ভিডিও গুলোর চেয়ে বেশি ছিল না। আমিও অলৌকিককে তখন চমৎকার বলেই চিনেছি তখন। যতক্ষণ না পর্যন্ত অলৌকিকের আসল অনুভব হয়!
একমাত্র যোগের দ্বারাই এই অলৌকিকের সাক্ষাৎ হয় একথা বিন্দুমাত্র অত্যুক্তি নয়। কিন্তু এই অলৌকিক কী? অনেকেই অলৌকিক বলতে ভাবেন চমৎকার। পরশপাথরের স্পর্শে পাথরের সোনা হয়ে ওঠা। প্রচলিত এই বিশ্বাস আমি ভাঙতে চাই না। কিন্তু শাস্ত্রে এবং সত্যিই অলৌকিক-এর অর্থ ও ব্যাপ্তি অনেকটাই বেশি। লৌকিকের লক্ষণ হয়, তাই তার সংজ্ঞাও হয়। কিন্তু অলৌকিকের কোনও লক্ষণ নেই। তাই লৌকিক লক্ষণের অতীত যা তাকেই আমরা অলৌকিক বলে জানি। সহজ করে বলি।
এই জগত খুব সাধারণভাবে দ্বিমাত্রিক মনে হয়। দ্বিমাত্রিক অর্থাৎ সাইকোসোমাটিক। কিন্তু ভারতবর্ষ একে ত্রিমাত্রিক চিনেছে। এবং বাস্তবিক ত্রিমাত্রিক চেনার পর আবার চতুর্থ আরেক আয়ামের কথাও বলেছে। কিন্তু সেই চতুর্থ আয়ামের কথা আজ আমরা বলব না। আমরা আজ ত্রিমাত্রিক আয়ামের কথাই জানব। ত্রিমাত্রিক কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নয়। বরং স্থুল সূক্ষ্ম ও কারণ। এক যা ট্যাঞ্জিবল, দুই যা ইন্ট্যাঞ্জিবল এবং তিন যা এই ট্যাঞ্জিবল-ইন্ট্যাঞ্জিবলের অতীত। একটি আমাদের ছুঁয়ে ছেনে দেখার দুনিয়া। ইট কাঠ বালি পাথরের দুনিয়া। দ্বিতীয়টি আমাদের বিশ্বাসের, কল্পনার, সিনেমার, সাহিত্যের দুনিয়া এবং তৃতীয় দুনিয়াটি তার যা এই বাস্তবকে ও বিশ্বাসকে মূল্য দেয়। কারণ জোগায়। আমরা আধিভৌতিক, আধিদৈবিক ও আধ্যাত্মিকতার কথা জানি। আমি এই দুটি ত্রয়ীকে এইভাবে মিলিয়ে দেখছি। অবশ্য উদ্দেশ তথা নাম আলাদা কারণ লক্ষণভেদ আছে। কিন্তু আধ্যাত্মিকতাই জীবনের আসল অলৌকিকতা। রাবণের দশ মাথার উদাহরণ দিয়ে বোঝাই। রাবণের দশ মাথাকে যদি আপনি দশটি শাস্ত্রের বা দশ রকমের বিদ্যার লক্ষণ হিসেবে ধরেন তাহলে তা আপনার বিশ্বাসের জায়গা। রামায়ণের আধিদৈবিক মূল্যায়ন। কিন্তু তাকেই যদি আমি মণিপুর চক্রের দশটি পদ্মদলের সঙ্গে তুলনা করি, তাই হয়ে ওঠে আধ্যাত্মিক। অলৌকিক। কারণ শরীরের অভ্যন্তরস্থ চক্রের কথা অলৌকিক। শরীরের ছেদনে কোথাও আপনি কোনও চক্র পাবেন না। হনুমানকে পবনপুত্র বলার কারণের পিছনেও তাই এক অলৌকিকতা আধ্যাত্মিকতা রয়েছে। যোগ আমাদের সেই অলৌকিকের সাক্ষাৎ করায়।
এবার তাহলে আমরা ক্রিয়ার বিষয় সম্বন্ধে জানলাম। জানলাম ক্রিয়ার প্রয়োজনের কথা। জানলাম তার অধিকারী কে। অতএব পরে রইল সম্বন্ধ। অনুবন্ধ চতুষ্টয়ের কথা ধরলে, এই চারটির নিরূপণ করলে তবেই কোনও বিদ্যার এক সম্যক ধারণা তৈরি হয়। তাহলে ক্রিয়া এই বিষয়-প্রয়োজন-অধিকারীর মধ্যে সম্বন্ধটা কী? না ধ্যান-ধ্যাতা-ধ্যেয় সম্বন্ধ। জ্ঞান-জ্ঞাতা-জ্ঞেয় নয় কিন্তু। ক্রিয়া অভ্যেসের জিনিস, কেবল বিদ্যার জিনিস নয়। কেবল স্বধ্যায়ের দ্বারা যোগ হয় না। তার জন্য প্রয়োজন তপেরও এবং অবশ্যই ঈশ্বরপ্রণিধান। যদি আমরা গীতা নিয়ে আলোচনা করি, তাহলে কর্ম সম্বন্ধিত বিষয়ে কথা বলতে গিয়ে ঈশ্বরপ্রণিধানের কথা বিস্তারিত আলোচনার সুযোগ আসবে।
যোগিরাজ লাহিড়ী মহাশয় ও মহাবতার বাবাজীর শ্রীচরণে প্রণাম জানিয়ে, আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি।
ॐ সহ নাববতু। সহ নৌ ভুনক্তু। সহ বীর্যং করবাবহৈ। তেজস্বি নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ॥ ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ॥
ভাবার্থ — "তিনি আমাদের উভয়কে (গুরু ও শিষ্যকে) একত্রে রক্ষা করুন, একত্রে পালন করুন। আমরা একত্রে বীর্য (সাধনার শক্তি) অর্জন করি। আমাদের অধীত বিদ্যা তেজস্বী হোক, আমাদের মধ্যে যেন বিদ্বেষ না জন্মায়।"
Rate this Article
Your response to this piece
Discussion (0)
No voices yet
Be the first to contribute to this discussion.
Civilisational Fellowship · Discourse
Sign in to join the conversation
To preserve the rigor, thoughtfulness, and civility of literary discourse, comments are reserved for registered members of the Rik Amrit fellowship.