ঋক্ অমৃত মহাফেজখানা

সদস্যের বিশেষ সুবিধা

১০% বিশেষ ছাড়
বইস্ট্যাক — সমগ্র ডিজিটাল গ্রন্থাগার
আন্বীক্ষা — ধ্রুপদী সেমিনার ও পাঠক্রম
শ্রবণম্ — প্রামাণ্য অডিও মহাফেজখানা
ক্রিয়াযোগ কী? পর্ব ১০ - অধিকারীত্ব — কার জন্য ক্রিয়া?
Bengali
Featured

ক্রিয়াযোগ কী? পর্ব ১০ - অধিকারীত্ব — কার জন্য ক্রিয়া?

অধিকারভেদ বাস্তব, শাস্ত্র তাকে অস্বীকার করে না, যেমন আমি নিজেকে নিয়ে একটু আগেই তামাশা করলাম। কিন্তু যোগে, এবং বিশেষভাবে ক্রিয়াযোগে, সেই ভেদের মাপকাঠি জন্ম নয়, জাতি নয়, বৃত্তি নয় — সেই মাপকাঠি অন্তরের ব্যাকুলতা আর নিষ্ঠাসহকারে অভ্যাস করবার ইচ্ছা। এই কারণেই ক্রিয়াযোগ কোনো সম্প্রদায়ের, কোনো বর্ণের বা কোনো বিশেষ জীবনধারার সম্পত্তি নয় — কেবল প্রয়োজন সেই মুমুক্ষুত্ব, আর তা লালন করবার আন্তরিকতা।

এখন ক্রিয়া কার জন্য এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ এ জন্যেও কারণ সমস্ত ভারতীয় বিদ্যাই সকলের জন্য নয়। অধিকারীভেদে শাস্ত্র ও শাষণ আলাদা হয়। এবং সেটাই স্বাভাবিক। যার অধিকার সাংখ্যে তিনি বস্তবাদের দিকে যাবেনই বা কেন? সেভাবেই যিনি রসিক মানুষ, যার কৌতূহল নাট্যে তাকে আমরা যোগে সাধারণত কম দেখি। চিন্তা নেই, এই কথাটির মাধ্যমে আমি নিজেকেই একটু টিজ করলাম। অনেকেই জানেন আমার মূল কৌতূহলের বিষয়টিই নাট্যশাস্ত্র। যাই হোক। চিত্তবৃত্তিবিলাসের প্রতি কৌতূহল যার সে চিত্তবৃত্তিনিরোধের কথা ভাববে না স্বাভাবিক। তাহলে আমাদের আগে এটা জানার প্রয়োজন যে সাধারণত অধিকারীর লক্ষণ কী ও যোগের বিশেষ করে অধিকারী কে? 

এখানে অধিকারীর প্রশ্নটিকে দুই স্তরে ভাগ করে বলা যেতে পারে — প্রথমে সাধারণ অধিকার, তারপর যোগ-বিশেষে অধিকার। এই দুইয়ের মধ্যে সেতুবন্ধন ঘটিয়েই ক্রিয়ার নিজস্ব উত্তরে পৌঁছনো যায়।

সাধারণ অধিকারী-লক্ষণ

শাস্ত্রের ভাষায় অধিকারী শব্দটি এসেছে অধি + কৃ ধাতু থেকে — অধিকার অর্থে যোগ্যতা, প্রস্তুতি। অধিকারী তিনিই, যাঁর এই বিশেষ জ্ঞান গ্রহণ করবার সামর্থ্য প্রস্তুত হয়েছে। প্রশ্নটি তাই আইনি অধিকারের নয়, প্রস্তুতির।

 

কাশ্মীরী শৈব দার্শনিক অভিনবগুপ্ত এই বিষয়ে একটি চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন — জিজ্ঞাসাই প্রকৃত অধিকারীর প্রথম চিহ্ন। তিনি অর্জুনের কথা স্মরণ করান — অর্জুনের সেই স্বীকারোক্তি, "আমি জানি না, আমাকে শেখাও" — এই স্বীকারোক্তিই তাঁকে গীতা পাবার যোগ্য করে তুলেছিল। গীতা তো ছিলই, কিন্তু তা গীতা হয়ে উঠল তখনই, যখন একজন প্রকৃত অধিকারী এসে জিজ্ঞাসা করলেন। এ এক গভীর প্রত্যাঘাত সাধারণ ধারণার প্রতি — আমরা ভাবি শিক্ষক জ্ঞান দান করেন, শিষ্য গ্রহণ করেন। কিন্তু শাস্ত্র বলে উল্টো কথা — শিষ্যের প্রস্তুতিই শিক্ষাকে আহ্বান করে।

এর সঙ্গে জড়িয়ে আছে শ্রদ্ধা — শ্রৎ (সত্য/হৃদয়) ও ধা (স্থাপন করা) থেকে গঠিত, অর্থাৎ হৃদয়কে শিক্ষার দিকে স্থাপন করা। এ অন্ধবিশ্বাস নয়, বরং এমন একটি গ্রহণক্ষমতা, যা জ্ঞানকে ভিতরে প্রবেশ করতে দেয়। যে শিষ্য শাস্ত্রের প্রতি প্রতিপক্ষের মতো দাঁড়ায় — ভুল ধরবার জন্য, তর্ক করবার জন্য — সে শিখতে পারে না। শাস্ত্র দুর্বল বলে নয়, তার নিজের ভঙ্গিমাই তাকে গ্রহণে অক্ষম করে তোলে।

আর তৃতীয় লক্ষণ বিবেক — নিত্য ও অনিত্যের, সারবস্তু ও আপাত-আকর্ষণের মধ্যে প্রভেদ করবার ক্ষমতা। বিবেক সংশয়বাদ নয়, এ দৃষ্টির প্রখরতা। বিবেক ছাড়া শিক্ষার্থী কেবল তথ্য সংগ্রহ করে যায়, প্রজ্ঞা স্পর্শ করতে পারে না।

এর সঙ্গে যুক্ত হয় যম-নিয়মের ভিত্তি — অহিংসা, সত্য, অস্তেয়ের মতো সংযম এবং শৌচ, সন্তোষ, তপস্যার মতো নিয়ম। এ কোনো নীতিবাগীশতা নয়, বরং মনোবিজ্ঞান — যে চিত্ত নিয়ত দ্বন্দ্ব, মিথ্যাচার বা লোভে বিক্ষিপ্ত, সে শাস্ত্রীয় অধ্যয়নের জন্য প্রয়োজনীয় একাগ্রতা ধরে রাখতে পারে না।

বেদান্তে আরও নির্দিষ্টভাবে এই লক্ষণগুলিকে একত্র করা হয়েছে সাধন-চতুষ্টয় নামে — নিত্যানিত্যবস্তুবিবেক (নিত্য ও অনিত্যের বিচার), ইহামুত্রফলভোগবিরাগ (ইহলোক-পরলোক উভয় ফলভোগেই বৈরাগ্য), শমাদিষট্কসম্পত্তি (শম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান — এই ছয় গুণের সম্পদ), এবং সবশেষে আবার মুমুক্ষুত্ব — যা তালিকা শুরুও করে, শেষও করে। এই পুনরাবৃত্তিই বলে দেয়, মুক্তির আকাঙ্ক্ষাই সমস্ত সাধনার প্রবেশদ্বার এবং গভীরতম ভিত্তি, দুই-ই।

আর এইখানে একটি কথা না বললেই নয় — এই ঐতিহ্য স্পষ্ট ভাষায় বলে, অধিকার নির্ধারিত হয় প্রস্তুতি দিয়ে, জন্ম দিয়ে নয়, জাতি দিয়ে নয়, লিঙ্গ দিয়ে নয়, সামাজিক অবস্থান দিয়ে নয়। অধিকারী তিনিই, যাঁর মধ্যে এই গুণগুলি বিকশিত হয়েছে, বা বিকশিত হচ্ছে। এ কোনো রুদ্ধ ব্যবস্থা নয়, ক্রমবিকাশমান ব্যবস্থা। যাঁর শ্রদ্ধা এখনও পূর্ণ নয়, তিনি তা গড়ে তুলতে পারেন। যাঁর বিবেক এখনও পরিণত নয়, তিনি তা চর্চা করতে পারেন। ভারতীয় জ্ঞানপরম্পরা তাই প্রকৃতপক্ষে সমগ্র মানবজাতির — একে সঠিকভাবে বুঝলে এ কোনো দ্বাররক্ষীর ব্যবস্থা নয়, এ এক নিমন্ত্রণ।

যোগ-বিশেষে অধিকারী

সাধারণ অধিকারের এই চিত্রের পর প্রশ্ন ওঠে — যোগ নির্দিষ্টভাবে কার জন্য? পতঞ্জলি এখানেও জন্ম-জাতি-বৃত্তির প্রশ্ন তোলেননি, তিনি মাপকাঠি রেখেছেন সংবেগ ও প্রযত্নের তীব্রতায়। যোগসূত্রে বলা হয়েছে —

তীব্রসংবেগানামাসন্নঃ॥ (১.২১)

অর্থাৎ, যাঁদের অন্তরের বেগ তীব্র, সমাধি তাঁদেরই নিকটতম।

আর পরের সূত্রে এই তীব্রতাকেও তিনি মৃদু, মধ্য ও অধিমাত্র — এই তিন স্তরে ভাগ করেছেন (১.২২)। ব্যাসভাষ্য এই প্রসঙ্গে সাধকেরও একটি চতুর্বিধ শ্রেণিবিভাগ দেন — প্রথমকল্পিক, মধুভূমিক, প্রজ্ঞাজ্যোতিঃ ও অতিক্রান্তভাবনীয়। লক্ষ করবার বিষয়, এ কিন্তু কাউকে পথ থেকে বাদ দেবার শ্রেণিবিভাগ নয় — এ কেবল দেখিয়ে দেয়, সাধক পথের ঠিক কোন বিন্দুতে দাঁড়িয়ে।

আর এর সঙ্গে একটি সুন্দর প্রতিসাম্য যোগ করা যায় হঠযোগপ্রদীপিকা থেকে —

যুবা বৃদ্ধোঽতিবৃদ্ধো বা ব্যাধিতো দুর্বলোঽপি বা।

অভ্যাসাৎ সিদ্ধিমাপ্নোতি সর্বযোগেষ্বতন্দ্রিতঃ॥ (১.৬৪)

যুবক, বৃদ্ধ, অতি-বৃদ্ধ, এমনকি ব্যাধিগ্রস্ত বা দুর্বল ব্যক্তিও — নিষ্ঠাসহকারে অভ্যাস করলে সিদ্ধি লাভ করেন।

এই শ্লোকটি সেই ধারণাকে ভেঙে দেয়, যা মনে করে যোগ কেবল তরুণ, সুস্থ বা সন্ন্যাসীর জন্য।

তাহলে সব মিলিয়ে ছবিটা এই দাঁড়ায় — অধিকারভেদ বাস্তব, শাস্ত্র তাকে অস্বীকার করে না, যেমন আমি নিজেকে নিয়ে একটু আগেই তামাশা করলাম। কিন্তু যোগে, এবং বিশেষভাবে ক্রিয়াযোগে, সেই ভেদের মাপকাঠি জন্ম নয়, জাতি নয়, বৃত্তি নয় — সেই মাপকাঠি অন্তরের ব্যাকুলতা আর নিষ্ঠাসহকারে অভ্যাস করবার ইচ্ছা। এই কারণেই ক্রিয়াযোগ কোনো সম্প্রদায়ের, কোনো বর্ণের বা কোনো বিশেষ জীবনধারার সম্পত্তি নয় — কেবল প্রয়োজন সেই মুমুক্ষুত্ব, আর তা লালন করবার আন্তরিকতা।

আচ্ছা কারুর মনে কী এই প্রশ্নটি এলো যে আমি হঠাৎ করে কেন হঠযোগপ্রদীপিকা থেকে ক্রিয়ার প্রমাণ তুলে আনলাম? পতঞ্জলি তো বোঝা গেল সাধনপাদের প্রথম সূত্রেই তিনি ক্রিয়ার কথা উল্লেখ করেছেন। কিন্তু হঠযোগপ্রদীপিকা কেন? এর উত্তর আমি আশাবাদী প্রকৃত অধিকারী নিশ্চয়ই খুঁজে বের করবেন। উহা তো নাথ পরম্পরার শাস্ত্র। এটুকুই হিন্টই যথেষ্ট হবে তার জন্য।

Rate this Article

0.0 0 readers rated

Your response to this piece

Discussion (0)
No voices yet

Be the first to contribute to this discussion.

Topoi

Explore related themes

Lectures & Talks

Lectures & Events

Live sessions, public lectures, and discussions exploring Indian knowledge systems and classical thought.

MAY 11 2026
Recent Talk
Seventh Global Oneness Festival

The Sublime and the Self: Shankaracharya's Aesthetic Thought

7:00 PM – 8:00 PM IST Online / Evening Session
MAR 24 2026
Recent Talk
Online Lectures – Agamic Studies & Classical Traditions

The Concept of 'RASA' in the Natya Sastra

2:30 PM – 3:30 PM IST Online

Explore past archives and recorded sessions across platforms.

Stay Connected

Occasional Notes

Receive reflections and insights on Indian Knowledge Systems—only when something new is written. No schedule, no excess.

Rare Essays Classical Thought Zero Noise

You may unsubscribe at any time. We respect your attention.